কুমারিয়ার পীঠ এলাকার বেহাল সড়ক পরিদর্শনে রাজন শিকদার (বাবুগঞ্জ, বরিশাল) : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাদেকখা কুমারিয়ার পীঠ গ্রামের মীরগঞ্জ ফেরিঘাট থেকে জাহিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ স্থানীয় কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র এ সড়কটি বর্ষা ও জলোচ্ছ্বাসের সময় বছরের অধিকাংশ সময় প্রায় ৪ ফুট পানির নিচে তলিয়ে থাকে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। দীর্ঘদিনের এ ভোগান্তির বিষয়টি নজরে আসে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: রাজন শিকদারের। তিনি গতকাল রোববার সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে নিজের ব্যি ক্ত গত অর্থায়নে সড়কটি সংস্কার, বালু ও মাটি ফেলে প্রায় চার ফুট উঁচু করার উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ হবে।